আমেদাবাদ: গুজরাত ভোটের ফল বলছে, খাদের কিনারায় কংগ্রেস। গান্ধীজির রাজ্যে সবচেয়ে খারাপ ফল করে হিমঘরে শতাব্দী প্রাচীন দল। সংখ্যালঘু ভোট কেটে কংগ্রেসের কফিনে পেরেক পুঁতেছে আম আদমি পার্টি ও আসাদউদ্দিনের এআইএমআইএম (মিম)। যার ফলে কমেছে কংগ্রেসের ভোট। আর সেই ভোটফলকে ঘিরে শুরু হয়েছে কাটাছেঁড়া। ২০০২ সালের গোধরা কাণ্ডের পর এরাজ্যের সংখ্যালঘু ভোট বিশেষ করে মুসলিমরা কংগ্রেসের অনুগত ভোটার হিসেবে পরিচিত ছিল। এবারে সেই রীতির বদল ঘটেছে। কংগ্রেসের এক সূত্রের মতে, গোধরা পরবর্তী সময়ে গেরুয়া শিবির হিন্দু ভোট একত্র করার উপর বেশি জোর দিয়েছিল। ফলে মুসলিম সহ সংখ্যালঘু ভোটে আধিপত্য বজায় থেকেছে কংগ্রেসের। রাজনৈতিক মহলের মতে, ‘খাম’ অর্থাৎ ক্ষত্রিয়, হরিজন, আদিবাসী ও মুসলিম ভোট কংগ্রেসের পাশে ছিল।





